হরিরামপুরে নদীভাঙনের কবলে সুতালড়ী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চরাঞ্চলের ৪১নং সুতালড়ী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়টির এক-তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যালয়টির সম্পূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৩৭ সালে বিদ্যালয়টি উপজেলার ধুলশুড়াতে স্থাপিত হয়। নদীভাঙনের কবলে পড়লে বিদ্যালয়টি ২০০৭ সালে উপজেলার সুতালড়ী ইউনিয়নে স্থানান্তর করা হয়। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্বাসন/পুনঃনির্মাণ প্রকল্পের আওতায় ৪৫ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থবিশিষ্ট দুইতলা পাকা ভবন নির্মিত হয়। তখন নদীর সীমানা ছিল বিদ্যালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ২৬ জন।
সরজমিন জানা যায়, প্রতি বছরের মতো এ বছরও পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে প্রায় দুই মাস পূর্বে ভাঙন শুরু হয়। প্রথমে ভাঙনের তীব্রতা কম থাকলেও গত ১৫ দিন যাবৎ তা বৃদ্ধি পেয়েছে। ভাঙনের ফলে গত বুধবার (৪ আগস্ট) রাতে বিদ্যালয় ভবনের এক-তৃতীয়াংশ ভেঙে যায়। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যালয় ভবনের সম্পূর্ণ অংশ নদীতে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত এক মাসে ওই এলাকার শতাধিক পরিবার নদীভাঙনে তাদের বসতভিটা হারিয়েছে। ভাঙনের ভয়ে ঘরবাড়ি অন্যত্র স্থানান্তর করেছেন অনেকে। এছাড়াও কৃষিজমি, বিভিন্ন ফলের বাগান ও স্থাপনাও নদীগর্ভে বিলীন হয়েছে।
বালিয়াগোপা গ্রামের রব মোল্লা বলেন, দিন পনের আগেও বিদ্যালয় থেকে নদীর সীমানা ৫০-৬০ ফুট দূরে ছিল। ১ আগস্ট থেকে বিদ্যালয়ের ভাঙন রোধে বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড। তাতেও বিদ্যালয়টির শেষরক্ষা হলো না। তবে জিওব্যাগ আরো কিছুদিন আগে ফেললে হয়তো বিদ্যালয়টি রক্ষা করা যেত।
সুতালড়ী রামচন্দ্রপুর গ্রামের রুস্তম খাঁ বলেন, পানি উন্নয়ন বোর্ড যদি কিছুদিন আগে বিদ্যালয়টি রক্ষার উদ্যোগ নিত তাহলে হয়তো বিদ্যালয়টি রক্ষা করা যেত।
এদিকে বিদ্যালয়টির ভাঙনের খবর শুনে আজ (শুক্রবার) সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিনসহ আরো কয়েকজনকে নিয়ে বিদ্যালয়টি পরিদর্শনে আসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গত বছরও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যালয়টি পরিদর্শনে এসেছিল। তখন প্রায় আধাকিলোমিটার দূরে ছিল পদ্মা। এ বছর বিদ্যালয়টির কাছাকাছি যখন ভাঙন শুরু হয়েছে তখন উপজেলা শিক্ষা অফিস থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে লিখিতভাবে জানানো হয়। পানি উন্নয়ন বোর্ড থেকে যে ব্যবস্থা (বালুভর্তি জিওব্যাগ ডাম্পিং) নেয়া হয়েছে তা স্রোতের তুলনায় খুবই অপ্রতুল ছিল। খুব দ্রুত একটা জায়গা নির্ধারণ করে বিদ্যালয়টি স্থানান্তর করব।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত মাসের ২৫ বা ২৬ তারিখে আমি ভাঙনের বিষয়ে ইউএনওর কাছ থেকে চিঠি পাই। চরাঞ্চল আমাদের কর্মপরিধির বাইরে। তারপরেও মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলে ১ তারিখ থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য জরুরিভিত্তিতে ২০০ মিটার অংশে প্রায় ৯ হাজার জিওব্যাগ ডাম্পিং করা হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে যেদিন চিঠি পেয়েছি ওই দিনই আমি জেলা প্রশাসকসহ পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।
এমএসএম / জামান
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন