আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গাজীপুরের সফিপুরে ‘প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ চালু করা হয়েছে। একই সঙ্গে বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান ‘প্রান্তিক শক্তি লিমিটেডের’ কাছে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিন ‘প্রান্তিক ট্রাভেলস’ এবং ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমেরও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উদ্বোধন শেষে মন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় তিনি ষষ্ঠ প্রজন্মের (৬জি) ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎভিত্তিক পরিবেশবান্ধব জ্বালানি প্রশিক্ষণ এবং ভ্রাম্যমাণ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ বাস পরিদর্শন করেন। এ ছাড়া কুটির শিল্প, জাপানি ভাষা, আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা পরীক্ষাগারের কার্যক্রম দেখেন। প্রশিক্ষণের আধুনিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনের জন্য দক্ষতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করা জরুরি।
এ ক্ষেত্রে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষ কর্মী বিদেশে পাঠানোর সরকারের বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর রিক্রুটিং লাইসেন্স পাওয়ার ফলে বাহিনীর কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো টিটিসির সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের দক্ষতা আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হবে। পাশাপাশি বৈধ অভিবাসন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নিয়মকানুন কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে আভি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে সমঝোতা চুক্তিতে যুক্ত তিনটি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভার্চ্যুয়ালি অংশ নেন। তারা আনসার-ভিডিপির সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রীকে বাহিনীর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে অতিথিদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
Aminur / Aminur
আইইডিসিআরের পরিচালকের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ডা. জাহিদ হাসান ড্যাব থেকে বহিষ্কার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এ ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন
আনসার-ভিডিপির সদস্যদের বিদেশে কর্মসংস্থানে নতুন উদ্যোগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নবনিযুক্ত পরিচালক ডা. ইব্রাহিম চৌধুরীকে ড্যাব নেতৃবৃন্দের শুভেচ্ছা
মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু: মিলছে ঘরভর্তি পণ্য ফ্রি ও বিদেশ ভ্রমণের সুযোগ
বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
তেজগাঁওয়ে বিএসটিআই ও ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি: মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান
হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সচেতনতা বাড়াতে নিটোরে বৈজ্ঞানিক সেমিনার
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী
বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের